যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

বরিশালে মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০২:১১ PM

১২
বরিশালে মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়–সংলগ্ন একটি মেস থেকে উচ্ছ্বাস কর্মকার (২৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে খালপাড় এলাকার একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

সহপাঠী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে অন্য বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে এবং ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় মরদেহ উদ্ধার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!