যুক্তরাষ্ট্র   শনিবার ১ আগস্ট ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩

পটুয়াখালীতে বিদ্যালয়ের নির্মাণাধীন দেয়াল ভাঙার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৪:৩১ PM

পটুয়াখালীতে বিদ্যালয়ের নির্মাণাধীন দেয়াল ভাঙার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে একটি বালিকা বিদ্যালয়ের জায়গায় নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মহাজনপট্টি বড় জামে মসজিদ এলাকায় হায়াতুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের জায়গায় এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ অভিযোগ করেন, প্রায় ৫০ থেকে ৬০ বছর আগে বিদ্যালয়ের নামে কালাইয়া বন্দরের মহাজনপট্টি এলাকায় ১১ দশমিক ৭০ শতাংশ জমি কেনা হয়। ওই জমিতে থাকা পুরোনো দোকানঘর জরাজীর্ণ হয়ে পড়ায় তা ভেঙে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

তিনি জানান, শনিবার শ্রমিকরা বিদ্যালয়ের জায়গায় প্রায় ৮ ফুট উঁচু ও ৩৫ ফুট দীর্ঘ একটি ইটের দেয়াল নির্মাণ করছিলেন। এ সময় উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস উদ্দিন লোকজন নিয়ে এসে হাতুড়ি ও শাবল দিয়ে দেয়ালটি ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহমেদকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের নিজস্ব জায়গায় দেয়াল নির্মাণ করা হচ্ছিল। সেখানে বাধা দিয়ে দেয়াল ভেঙে ফেলা ক্ষমতার অপব্যবহার।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস উদ্দিন বলেন, ওই স্থানটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় সেখানে দুটি মসজিদ, দুটি মন্দির ও দুটি মার্কেট রয়েছে। সরু রাস্তার কারণে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে সমস্যা হয়। দেয়াল নির্মাণের কারণে রাস্তা আরও সংকুচিত হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়েছেন।

তিনি দাবি করেন, দেয়াল ভাঙার ঘটনায় স্থানীয় লোকজনই জড়িত ছিলেন। তিনি শুধু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, বিষয়টি জানার পর সহকারী কমিশনারকে (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

যুবদল নেতা অভিযোগ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!