যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে নিত্যপণ্যের দাম বাড়ল ৪.৩৯ শতাংশ

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ PM ৬৬
অক্টোবরে নিত্যপণ্যের দাম বাড়ল ৪.৩৯ শতাংশ

ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফিরছে না। কনজুমারস ফোরামের (সিএফ) সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, অক্টোবর মাসে ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। এক মাসে এ পণ্যের মূল্যবৃদ্ধির হার ১১ দশমিক ৭২ শতাংশ। এর আগে সেপ্টেম্বরে পণ্যমূল্য বেড়েছিল গড়ে ৩ দশমিক ১৩ শতাংশ। সংগঠনটির হিসাবে, দুই মাসে সম্মিলিত মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫২ শতাংশে।

রোববার (৮ নভেম্বর) সেপ্টেম্বর ও অক্টোবরের বাজার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সিএফ। সংগঠনটির নিজস্ব পর্যবেক্ষণ এবং বিভিন্ন বাজার থেকে সরাসরি সংগ্রহ করা দামের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবরে মাছের পর উল্লেখযোগ্য হারে বেড়েছে মসলার দাম। লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরাসহ বিভিন্ন মসলার মূল্য গড়ে ১০ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া জ্বালানি তেলে ৬ দশমিক ০২, চিনিতে ৪ দশমিক ৯৩ এবং ভোজ্য তেল ও ডালডায় ৪ দশমিক ৮০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে।

একই সময়ে আটার দাম বেড়েছে ৩ দশমিক ২৫ শতাংশ এবং চালের দাম ২ দশমিক ৬২ শতাংশ। ডিমের ক্ষেত্রে বৃদ্ধি ১ দশমিক ৪২ শতাংশ। মাংস ও চায়ের দাম তুলনামূলক কম হারে বেড়েছে—যথাক্রমে শূন্য দশমিক ৩৮ ও শূন্য দশমিক ১৪ শতাংশ।

অন্যদিকে সাত ধরনের পণ্যের দাম আগের মাসের মতোই ছিল। এই তালিকায় রয়েছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ ও টুথপেস্ট, চানাচুর ও বিস্কুট, ১১টি ব্র্যান্ডের নিত্যব্যবহৃত ওষুধ এবং খাতা-কলম। অক্টোবরে শাকসবজির দাম গড়ে ৩ দশমিক ১২ শতাংশ কমেছে। সোনা ও রুপার দামও কমেছে ৪ দশমিক ৭৭ শতাংশ।

শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় এ খাতে দাম কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএফ। তবে উৎপাদন এলাকা ও রাজধানীর বাজারদরের মধ্যে বড় ব্যবধান দেখা যাচ্ছে। যশোর, বগুড়া ও রংপুরের বাজার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বগুড়া ও রংপুরে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬ থেকে ১২ টাকা, মূলা ৬ থেকে ৮ টাকা এবং লাউ ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে কলার হালি মিলছে ৫ থেকে ৮ টাকায়।

অন্যদিকে ঢাকার বাজারে একই ধরনের সবজি কিনতে ক্রেতাদের অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে। রাজধানীতে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির দাম প্রায় ৫০ টাকা, পেঁপে ও মূলা ৩০ টাকা এবং লাউ ৬০ টাকা। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ফলে উৎপাদন এলাকায় সবজির দাম কমলেও রাজধানীর ভোক্তারা সেই সুবিধা পাচ্ছেন না।

সিএফের প্রতিবেদনে কৃষকদের দুরবস্থার বিষয়টিও উঠে এসেছে। কৃষকদের বরাত দিয়ে সংগঠনটি জানিয়েছে, কম দামে সবজি বিক্রি করতে গিয়ে অনেক উৎপাদক উৎপাদন খরচও তুলতে পারছেন না। অর্থাৎ একদিকে কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে শহরের ক্রেতাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত দামের এই ব্যবধান কমাতে বাজার তদারকি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছে সংগঠনটি।

সিএফের হিসাবে, সেপ্টেম্বরের ৩ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধির পর অক্টোবরে আরও ৪ দশমিক ৩৯ শতাংশ দাম বেড়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি। তাদের মতে, শুধু বেতন-ভাতা বাড়িয়ে মানুষের আর্থিক চাপ কমানো যাবে না; বাড়িভাড়া, দোকানভাড়া, শিক্ষা ও চিকিৎসার মতো খরচও সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখা জরুরি।

বাজারে অতিরিক্ত মুনাফার প্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিএফ। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার পরামর্শ দিয়েছে তারা। একই সঙ্গে কৃষকের উৎপাদনমূল্য ও ভোক্তার কেনা দামের ব্যবধান কমাতে গ্রাম থেকে শহর পর্যন্ত বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

নিত্যপণ্যের বাজার পণ্যমূল্য বৃদ্ধি অক্টোবরের বাজারদর কনজুমারস ফোরাম বাজার তদারকি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!