যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

মায়ের জন্মদিনে আবেগঘন অপূর্ব, বললেন ‘আমার জীবনের সেরা উপহার তুমি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৫:০৮ PM ৪৭
মায়ের জন্মদিনে আবেগঘন অপূর্ব, বললেন ‘আমার জীবনের সেরা উপহার তুমি’

জন্মদিনে মা ফিরোজা আহমেদের সঙ্গে ছবি প্রকাশ করে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মা ফিরোজা আহমেদের জন্মদিন আজ। বিশেষ এই দিনে মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে আবেগঘন বার্তায় তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন তিনি।

মায়ের সঙ্গে নিজের সম্পর্কের নানা অনুভূতি তুলে ধরে অপূর্ব জানান, শৈশব থেকে জীবনের প্রতিটি পর্যায়ে মায়ের স্নেহ ও আশীর্বাদ তাঁকে আগলে রেখেছে। নিজের না বলা কথাগুলো বুঝে নেওয়া থেকে শুরু করে সামান্য কষ্টেও মায়ের উদ্বেগ—সবকিছুই তাঁর কাছে মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি।

অভিনেতার ভাষ্য, তিনি আজ যে অবস্থানে পৌঁছেছেন, তার পেছনে মায়ের দোয়া ও আশীর্বাদের বড় ভূমিকা রয়েছে। মায়ের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তাঁর ভালোবাসার ঋণ কোনোভাবেই শোধ করার মতো নয়।

মায়ের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেছেন অপূর্ব। মায়ের হাসিকে নিজের জীবনের আনন্দের সঙ্গে তুলনা করে তিনি তাঁর মুখের হাসি যেন সবসময় অটুট থাকে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপূর্ব মাকে নিজের জীবনের অন্যতম সেরা উপহার হিসেবে উল্লেখ করেছেন। তাঁর এই আবেগঘন পোস্টের পর ভক্ত-অনুসারীরাও অভিনেতার মাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

অপূর্বর পারিবারিক জীবনেও ছিল শিক্ষা ও সংস্কৃতির আবহ। তাঁর বাবা ওমর ফারুক সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মা ফিরোজা আহমেদ ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই পারিবারিক পরিবেশে সাংস্কৃতিক চর্চার সুযোগ পেয়েছেন অপূর্ব। পরবর্তী সময়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়ে নাট্যাঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি।

অপূর্ব

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!