যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

নতুন বাস নিয়ে বিরোধে বন্ধ কিশোরগঞ্জ-মহাখালী রুট

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ PM ২৩
নতুন বাস নিয়ে বিরোধে বন্ধ কিশোরগঞ্জ-মহাখালী রুট

কিশোরগঞ্জের গাইটাল ও ঢাকার মহাখালী বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-ঢাকা মহাখালী রুটে নতুন বাস যুক্ত করা নিয়ে পরিবহন মালিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সরাসরি বাস চলাচল।  শুরু হওয়া এই কর্মসূচির কারণে দুই প্রান্তের টার্মিনালে আটকা পড়েছেন বহু যাত্রী। পূর্বঘোষণা ছাড়াই বাস বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

পরিবহন মালিক ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, ঢাকা ও কিশোরগঞ্জ থেকে অনন্যা পরিবহনের চারটি নতুন বাস এই রুটে চালুর বিষয়ে দুই অঞ্চলের মালিকদের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। তবে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই ঢাকা থেকে দুটি নতুন বাস নামানো হয়। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন কিশোরগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকেরা।

কিশোরগঞ্জের পরিবহন মালিক নেতাদের অভিযোগ, সমঝোতা সম্পন্ন হওয়ার আগেই একতরফাভাবে নতুন বাস চালু করে রুটের প্রচলিত নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনন্যা পরিবহন, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকবে বলে তাঁরা জানিয়েছেন।

কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল আলম জোসেফ জানান, ঢাকা ও কিশোরগঞ্জ থেকে অনন্যা পরিবহনের চারটি বাস যুক্ত করার বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই ঢাকা থেকে দুটি বাস রুটে চালু করা হয়। এর প্রতিবাদে শনিবার দুপুর থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। নিয়ম মেনে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানান তিনি।

শনিবার দুপুর ১২টা থেকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী সরাসরি বাস চলাচল বন্ধ হয়। একই দিন বিকেল ৫টা থেকে কিশোরগঞ্জ থেকেও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ এ পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক যাত্রী টার্মিনালে পৌঁছে বাস না চলার বিষয়টি জানতে পারেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যে যেতে না পেরে তাঁদের বিকল্প যানবাহনের খোঁজ করতে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, বিকল্প পরিবহনের সংকটের সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মতো যানবাহনে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। সন্তান ও ভারী ব্যাগপত্র নিয়ে মহাখালীগামী বাসের অপেক্ষায় থাকা রোকেয়া বেগম জানান, ছোট শিশুকে সঙ্গে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে বসে আছেন তিনি। এ সময় স্থানীয় সিএনজি ও লেগুনাচালকেরা দ্বিগুণ থেকে তিন গুণ ভাড়া দাবি করছেন। তাঁর ভাষায়, ‘না পারছি ফিরতে, না পারছি বিকল্প উপায়ে যেতে।’

গাইটাল বাস টার্মিনালে আটকে পড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাসলিমা আক্তারের পরদিন সকালে ঢাকায় সেমিস্টার ফাইনাল পরীক্ষা রয়েছে। বাস বন্ধ থাকায় সময়মতো পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। ট্রেনের টিকিট খুঁজেও যাত্রীদের ভিড়ের কারণে তা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান তাসলিমা।

জরুরি কাজে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করা ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, আগে থেকে বাস বন্ধের ঘোষণা থাকলে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা যেত। পরিবহন মালিকদের অভ্যন্তরীণ বিরোধের কারণে সাধারণ যাত্রীদের বারবার দুর্ভোগে পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পরিস্থিতির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট পরিবহন মালিকদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। নতুন বাস যুক্ত করার বিষয়ে সমঝোতায় পৌঁছে দ্রুত সরাসরি বাস চলাচল চালু করার দাবি তাঁদের। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও চান তাঁরা।

কিশোরগঞ্জ-মহাখালী বাস চলাচল কিশোরগঞ্জ বাস ধর্মঘট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!