যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

আর্চারিতে দুই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কাজাখস্তান

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ PM ৯
আর্চারিতে দুই ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কাজাখস্তান

এশিয়া কাপ আর্চারির দুই দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

ইরাকের সুলাইমানিয়াহতে এশিয়া কাপ আর্চারি প্রতিযোগিতায় স্বর্ণপদকের লড়াইয়ের সামনে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ও কম্পাউন্ড নারী দলগত—দুই ইভেন্টেই ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চাররা। দুই বিভাগেই শিরোপার জন্য তাঁদের মুখোমুখি হতে হবে কাজাখস্তানের।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দলটি শুরু থেকেই প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম হওয়ায় কোয়ার্টার ফাইনালে খেলতে হয়নি বাংলাদেশকে। অন্যদিকে, শেষ আটের লড়াইয়ে পাকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উজবেকিস্তান।

রিকার্ভ পুরুষ বিভাগের অন্য সেমিফাইনালে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান। ফলে ২৮ অক্টোবরের ফাইনালে স্বর্ণপদকের জন্য কাজাখদের মুখোমুখি হবে বাংলাদেশ।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের আর্চাররা। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির সমন্বয়ে গড়া দলটি সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ পয়েন্টে পরাজিত করে। র‍্যাঙ্কিং রাউন্ডে শীর্ষে থাকায় এই বিভাগেও সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

কম্পাউন্ড নারী বিভাগের ফাইনালে ওঠার লড়াইয়ে ইরাক ও কাজাখস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ে দুই দলের স্কোর সমান ২১৭-২১৭ থাকায় ম্যাচ গড়ায় শুটঅফে। সেখানে ২৯-২৭ পয়েন্টে জিতে ফাইনালে ওঠে কাজাখস্তান। ফলে ২৯ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষও সেই কাজাখস্তান।

এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২-এ দুই দলগত ইভেন্টের ফাইনালে ওঠায় বাংলাদেশের সামনে এখন দুটি স্বর্ণপদক জয়ের সুযোগ। ২৮ অক্টোবর রিকার্ভ পুরুষ দল এবং পরদিন কম্পাউন্ড নারী দল শিরোপার লক্ষ্যে মাঠে নামবে।

বাংলাদেশ আর্চারি এশিয়া কাপ আর্চারি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!