‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-তে জেতা ঘি নিয়ে বলিউড অভিনেতা সাইফ আলি খানের সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা চলছে। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খানের পুরস্কার হিসেবে পাওয়া গোবর্ধন ঘি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক সপ্তাহ ধরে চলছে মজার আলোচনা। সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে গিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত ঘি নিয়েই নানা মন্তব্যের মুখে পড়েন তিনি। এদিকে একটি ভিডিও ঘিরে ভক্তদের ধারণা, অবশেষে সেই পুরস্কার তাঁর হাতে পৌঁছেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে জানা যায়, ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে সাইফ জানিয়েছিলেন, অনুষ্ঠানে জেতা গোবর্ধন ঘির দুই বছরের সরবরাহ তিনি তখনো পাননি। তাঁর এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে অনলাইনে মিম ও হাস্যরস ছড়িয়ে পড়ে। এমনকি ঘির খোঁজখবর রাখার জন্য ভক্তরা ‘@gheeonsaifside’ নামে একটি ফ্যান অ্যাকাউন্টও খুলেছিলেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে সাইফ মজার ছলে অনুরোধ করেন, গোবর্ধন ঘি নিয়ে যেন কোনো আলোচনা না হয়। কিন্তু তাঁর কথায় কাজ হয়নি। মন্তব্যের ঘরে ভক্তরা আবারও জানতে চান, পুরস্কারের ঘি শেষ পর্যন্ত তাঁর কাছে পৌঁছেছে কি না।
জবাবে সাইফ বলেন, এ বিষয়ে আগেই কথা বলেছেন তিনি; এবার অন্য মজার বিষয় নিয়ে আলোচনা করতে চান। ভক্তদের যেকোনো প্রশ্ন করার আমন্ত্রণ জানালেও ঘি নিয়ে কৌতূহল থামেনি। একজন মন্তব্য করেন, বিনা মূল্যে ঘি পাওয়ার আশাতেই নাকি অভিনেতা ইনস্টাগ্রামে এসেছেন। হাসতে হাসতে সাইফ জানান, তিনি নিজেই এখানে এসেছেন, ঘির জন্য নয়। পরে বিষয়টি নিয়ে একের পর এক রসিকতা চলতে থাকলে তিনি মজা করে বলেন, ঘি নিয়ে এবার আলোচনা বন্ধ করা দরকার।
এদিকে ওই ভিডিওর পেছনে কয়েকটি বড় ঘির পাত্র দেখা যায়। ভিডিওর ক্যাপশনে ‘আজীবনের সরবরাহ’ পাওয়ার মুহূর্তের কথা উল্লেখ করা হয়। এসব দেখে ভক্তদের ধারণা, সাইফ অবশেষে তাঁর পুরস্কারের ঘি পেয়েছেন। তবে ভিডিওটি সত্যিই ঘি পৌঁছে দেওয়ার খবর জানাচ্ছে, নাকি এটি কোনো প্রচারণার অংশ—তা নিশ্চিত নয়।
ভিডিওটি প্রকাশের পর ভক্তদের পাশাপাশি বিনোদনজগতের পরিচিত ব্যক্তিরাও প্রতিক্রিয়া জানান। সনি লিভের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ঘটনাটিকে ‘গৌরবশালী মুহূর্ত’ হিসেবে উল্লেখ করা হয়। সংগীতশিল্পী যশরাজ মুখাতে লেখেন, ‘ঘি রিফিল’। অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দ সাইফের ইনস্টাগ্রাম উপস্থিতির প্রশংসা করে মন্তব্য করেন, তিনি এত দ্রুত কীভাবে এত ভালো হয়ে উঠলেন, তা ভেবে অবাক হচ্ছেন।
সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় ‘@gheeonsaifside’ ফ্যান অ্যাকাউন্টে। সেখানে বড় অক্ষরে লেখা হয়, অবশেষে সাইফ আলি খানের দুই বছরের গোবর্ধন ঘির সরবরাহ পাওয়া গেছে। অন্য ভক্তরাও মজার মন্তব্যে যোগ দেন। কেউ লেখেন, ঘি আর কখনো শেষ হবে না। আবার কেউ এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া ভাইরাল আলোচনার পেছনে ব্র্যান্ডের বিপণন কৌশলের প্রশংসা করেন।
ঘি সত্যিই সাইফের হাতে পৌঁছেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য না মিললেও বিষয়টি যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে, তা স্পষ্ট। অভিনেতার ঘি নিয়ে আলোচনা থামানোর চেষ্টা বরং ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সাইফ আলি খান গোবর্ধন ঘি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!