ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: ফাইল
ইতালির ভেনিসে একদল প্রবাসীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার রাতে একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানের সময় তার দিকে পানি, কোল্ড ড্রিংকস ও ডিম ছোড়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন তিনি। পরে ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলে জানান এই অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে তার সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয় দেওয়া কয়েকজন নেতাকর্মী তাকে লক্ষ্য করে এ ঘটনা ঘটিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর বরাত দিয়ে জানা যায়, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগকর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন এবং বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করছেন। ভিডিওতে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির পাশাপাশি তার ওপর চড়াও হওয়ার চেষ্টার দৃশ্যও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সেখানে ছিল। পরিস্থিতিতে শিশুটি ভয় পেয়ে চিৎকার করতে থাকে। অভিনেত্রী আরও অভিযোগ করেন, তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় এবং কানের পাশেও আঘাত করা হয়েছে।
ঘটনার সময় তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে অভিহিত করা হয়েছিল বলেও দাবি করেন বাঁধন। এর জবাবে তিনি আন্দোলনে অংশ নেওয়ার কথা স্বীকার করে নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেয় এবং পুরো ঘটনাটি ভিডিও ও লাইভে ধারণ করছিল।
লাইভে বাঁধন আরও বলেন, পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে যাওয়ার সময় হঠাৎ তার ওপর চড়াও হয় একদল ব্যক্তি। তাদের ছোড়া পানীয় ও ডিম তার গায়ে লাগে এবং এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী।
ঘটনার পর নিজের অবস্থান তুলে ধরে বাঁধন বলেন, তাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রী হিসেবে বিদেশের মাটিতে তাকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে, ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে অংশ নিতে বর্তমানে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রেতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন।
আজমেরী হক বাঁধন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!