যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

দুয়ার জন্মদিনে নতুন অতিথিকে ঘিরে দীপিকা-রণবীরের বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ PM ৬১
দুয়ার জন্মদিনে নতুন অতিথিকে ঘিরে দীপিকা-রণবীরের বিশেষ বার্তা

মেয়ের দ্বিতীয় জন্মদিনে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সঙ্গে দুয়া পাড়ুকোন সিং।

মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একগুচ্ছ পারিবারিক ছবি প্রকাশ করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ছবিতে তাদের অনাগত সন্তানকেও ঘিরে ভালোবাসার মুহূর্ত উঠে এসেছে।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কন্যা দুয়া পাড়ুকোন সিং দুই বছরে পা দিয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন তারকা দম্পতি। এসব ছবিতে পরিবারের সঙ্গে তাদের অনাগত সন্তানের উপস্থিতির ইঙ্গিতও দেখা গেছে।

ছবিগুলোতে দীপিকা, রণবীর ও দুয়াকে সাদা পোশাকে দেখা যায়। দীপিকার পরনে ছিল সাদা লেসের প্যান্ট ও ক্রপ টপ। রণবীর পরেছিলেন সাদা প্যান্টের সঙ্গে লিনেন শার্ট। আর দুয়ার পরনে ছিল ফ্রিল দেওয়া সাদা টপ ও প্যান্ট। মাথায় ফিতে দিয়ে বাঁধা চুলে হাসিমুখে দেখা যায় তাকে।

একটি ছবিতে বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে মুখ ঢেকে আনন্দ প্রকাশ করতে দেখা যায় দুয়াকে। অন্য একটি ছবিতে রণবীর ও দুয়া দীপিকার স্ফীতোদর স্পর্শ করছেন। আরও একটি ছবিতে মেয়েকে কোলে নিয়ে খেলতে দেখা যায় রণবীরকে।

সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ করে দীপিকা ও রণবীর লেখেন, ‘বেবি দুয়া এবং আমাদের মন—দুটোই বড় হচ্ছে।’ একই সঙ্গে তাদের প্রতি শুভকামনা ও আশীর্বাদ জানানোর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তারা।

দুপুর জন্মদিনের পাশাপাশি এদিন দীপিকার মাতৃত্বেরও দুই বছর পূর্ণ হয়েছে। একই সময়ে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নতুন করে প্রকাশ্যে আসে তাদের শেয়ার করা ছবির মাধ্যমে।

এদিকে দ্বিতীয় সন্তানের অপেক্ষার মধ্যেই কাজের ব্যস্ততায় রয়েছেন রণবীর সিং। আগস্ট থেকে তিনি ‘প্রলয়’ সিনেমার শুটিং করছেন এবং দীপাবলি পর্যন্ত এর কাজ চালিয়ে যাওয়ার কথা রয়েছে। এরপর তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৭ সালে সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিংয়ে ফেরার কথা রয়েছে তার।

এর আগে প্রথম সন্তান দুয়ার জন্মের পর দীপিকা জানিয়েছিলেন, তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না এবং মেয়ের সঙ্গে সময় কাটাবেন। সে সময় রণবীর ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। দ্বিতীয় সন্তানের জন্মের পর এবার পরিবারকে বেশি সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে রণবীরের।

দুয়া ও তার অনাগত ভাই বা বোনকে ঘিরে প্রকাশ করা ছবিগুলো এরই মধ্যে ভক্তদের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে অনুরাগীরা দুয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীপিকা-রণবীরকেও তাদের আসন্ন সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন।

দীপিকা পাড়ুকোন দুয়া পাড়ুকোন সিং রণবীর সিং

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!