যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ভেনিসের ঘটনার পর কঠিন অভিজ্ঞতা জানিয়ে কৃতজ্ঞতা বাঁধনের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ PM | সর্বশেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ PM ৫৭
ভেনিসের ঘটনার পর কঠিন অভিজ্ঞতা জানিয়ে কৃতজ্ঞতা বাঁধনের

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে হামলার অভিযোগের পর নিজের অভিজ্ঞতা ও কঠিন সময়ের কথা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একই সঙ্গে ওই সময়ে পাশে থাকা বাংলাদেশ ও ইতালি সরকার, বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাঁধন তার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, জীবনের কঠিন সময়ের মধ্যেও মনে রাখা উচিত—অন্য প্রান্তে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে।

নিজের দীর্ঘ যাত্রার কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, এই সময়ে তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সেই অভিজ্ঞতায় অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং কাছের মানুষদের কাছ থেকে দূরে সরে যাওয়ার অনুভূতিও ছিল। তবে এসবের মধ্যেই তিনি উপলব্ধি করেছেন, অনেক সময় সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই বড় ধরনের সমর্থন পাওয়া যায়।

বাঁধন জানান, যখন তার সবচেয়ে বেশি সহযোগিতা ও নিরাপত্তার প্রয়োজন ছিল, তখন বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশের দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং উৎসব কর্তৃপক্ষ তার পাশে দাঁড়িয়েছে। কাছের কিছু মানুষ দূরে সরে গেলেও এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির সহযোগিতা তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া যারা তার খোঁজ নিয়েছেন, পাশে থেকেছেন, দোয়া করেছেন কিংবা তাকে উৎসাহ দিয়ে একটি ভালো কথা বলেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। পোস্টের শেষাংশে সবার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে যান বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে যাওয়ার পর সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থকের হামলা ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশে ও বিদেশে অনেকে অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

আজমেরী হক বাঁধন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!