বলিউড অভিনেত্রী কৃতি সেনন। ছবি: সংগৃহীত
কন্যাদিবস উপলক্ষে নারীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাচলের অধিকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা জানিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি সেনন। রাতে একা বাড়ি ফেরার সময় নারীদের যে ভয় ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়, বার্তায় সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন তিনি।
কৃতি সেনন বলেন, রাতে ফেরার পথে অনেক নারীকে বারবার পেছনে তাকিয়ে দেখতে হয় কেউ তাদের অনুসরণ করছে কি না। নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না, সেই দুশ্চিন্তাও তাদের সঙ্গী হয়। এমন পরিস্থিতিতে মাঝপথে মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে উদ্বেগ আরও বাড়ে।
অভিনেত্রীর ভাষ্যে, কন্যাদিবসের উদযাপন তখনই প্রকৃত অর্থ পাবে, যখন নারীরা নিরাপত্তার ভয় ছাড়াই রাতে একা বাড়ি ফিরতে পারবেন। অন্ধকার নামার পর পার্কে বসা, নিজের পছন্দের পোশাক পরা কিংবা গণপরিবহনে যাতায়াতের মতো স্বাভাবিক কাজের ক্ষেত্রেও যেন তাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হতে না হয়—এমন সমাজের প্রত্যাশা জানিয়েছেন তিনি।
কৃতি আরও বলেন, এমন সময় আসা দরকার, যখন কোনো নারী প্রকাশ্য স্থানে নিজের মতো করে থাকার কারণে সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে হিসাব-নিকাশ করতে বাধ্য হবেন না। তার মতে, সেই পরিস্থিতি তৈরি হলেই কন্যাদিবস উদযাপনের প্রকৃত সার্থকতা নিশ্চিত হবে।
এর আগে পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন কৃতি। রাখি উপলক্ষে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে নানা মন্তব্য করেন অনেকে। পরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের অবস্থান হৃদয়ে, পোশাকের ‘নেকলাইনে’ নয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!