যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের প্রতিভা খুঁজবেন মেহজাবীন-তাহসান

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ PM | সর্বশেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ PM ৫২
শিশুদের প্রতিভা খুঁজবেন মেহজাবীন-তাহসান

‘মার্কস অলরাউন্ডার’ রিয়েলিটি শোর বিচারক হিসেবে থাকছেন মেহজাবীন চৌধুরী ও তাহসান খান। ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের বহুমুখী প্রতিভা তুলে ধরার রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর বিচারক প্যানেলে যুক্ত হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্বের সম্প্রচার ইতিমধ্যে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আবারও বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন মেহজাবীন।

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পরিচিতি পান মেহজাবীন। গত বছর একই আয়োজনের বিচারক ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে সেই আসর শেষ হওয়ার পর এবার নতুন প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন। তাঁর ভাষ্য, অনেক বছর পর ‘মার্কস অলরাউন্ডার’ আবার শুরু হওয়ায় আয়োজকেরা তাঁকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগে যুক্ত হতে পারাকে সম্মান ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেন তিনি। তাঁর আশা, এ প্রতিযোগিতার মঞ্চ থেকে উঠে আসা প্রতিভাবানরা ভবিষ্যতে দেশের বিনোদনজগৎকে সমৃদ্ধ করবেন।

গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব প্রচার হচ্ছে। প্রতি শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় দেখা যাচ্ছে অনুষ্ঠানটি। ১০০টি আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রতিযোগীরা।

নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা—এই সাতটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারীরা। বয়সভিত্তিক তিনটি বিভাগ থেকে নির্বাচিত হবেন তিনজন সেরা অলরাউন্ডার। প্রত্যেক বিজয়ী পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিম।

এদিকে সিনেমায় কাজ শুরু করার পর নাটকে তুলনামূলক কম সময় দিচ্ছেন মেহজাবীন। বেছে বেছে অভিনয় করছেন বিভিন্ন প্রকল্পে। সবশেষ শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ দেখা গেছে তাঁকে। গত রোজার ঈদে সিরিজটি মুক্তি পায়। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বলেও শোনা যাচ্ছে।

অন্যদিকে গান ও অভিনয় থেকে সরে আসার পর উপস্থাপনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তাহসান। ‘ফ্যামিলি ফিউড’ সিজন ২-এর পর সংগীতভিত্তিক প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলাদেশ’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার ‘মার্কস অলরাউন্ডার’-এর বিচারক হিসেবে তাঁর অংশগ্রহণ প্রতিযোগিতাটিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা আয়োজকদের।

মেহজাবীন চৌধুরী তাহসান খান মার্কস অলরাউন্ডার এনটিভি রিয়েলিটি শো শিশু-কিশোর প্রতিভা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!