যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ PM ৪৭
ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’

নতুন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এ অভিনয় করেছেন বলিউড তারকা সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খান অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। এর আগে চলতি বছরের এপ্রিলে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে সময়সূচি পরিবর্তন করা হয়।

গত ৬ নভেম্বর মুম্বাইয়ে সিনেমাটির বিশেষ ঝলক প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন সালমান। সেখানে ছবির নির্মাণকাজে বিলম্ব, দৃশ্য পুনর্নির্মাণ এবং সরকারি ছাড়পত্র নিয়ে ছড়িয়ে পড়া নানা খবরের বিষয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। এসব গুঞ্জন নাকচ করে অভিনেতা বলেন, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। তাঁর ভাষায়, ‘সব বাজে কথা! এই খবর একেবারেই সত্যি নয়।’

২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শুরুতে ছবির নাম ‘ব্যাটল অব গালওয়ান’ রাখার কথা ভাবা হয়েছিল। পরে নাম পরিবর্তন ও কিছু দৃশ্য নতুন করে নির্মাণের বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। তবে সালমানের বক্তব্য অনুযায়ী, এসব খবর সঠিক নয়।

ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করতে গিয়ে সালমান জানান, সিনেমাটিতে মূলত সেনাসদস্যদের জীবন, তাঁদের দায়িত্ব পালনের সময়কার পরিস্থিতি এবং পরিবারের সদস্যদের নানা চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ছবিটি তৈরি করেছি সেনাদের নিয়ে। তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাদের পরিবারের সদস্যদের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। এখানে কোনো নেতিবাচক শক্তির কথা নেই। নেতিবাচক আসলে পরিস্থিতি।’

ভারত-চীন সীমান্ত পরিস্থিতির সংবেদনশীলতার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে সমস্যা হতে পারে—এমন খবরও প্রত্যাখ্যান করেছেন অভিনেতা। তাঁর বক্তব্য, ছবিটি নিয়ে প্রচারিত জটিলতার খবর ভিত্তিহীন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিনেমাটি দর্শকদের সামনে আনার প্রস্তুতি চলছে।

সালমান খান মাতৃভূমি সিনেমা মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস বলিউড সালমান খানের নতুন সিনেমা গালওয়ান উপত্যকা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!