ভারতের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে স্বদেশি পণ্য ও সেবা ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, বিদেশে বিয়ের আয়োজন এবং স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কিরগিজস্তান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। মোদি এই প্রবৃদ্ধিকে দেশের মানুষের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংকট, সরবরাহব্যবস্থায় বিঘ্ন এবং কোভিড-পরবর্তী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নাগরিকদের ব্যয়ের ক্ষেত্রে দেশীয় পণ্য ও সেবাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি।
তিনি বলেন, প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করে দেশের পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখা উচিত। একইভাবে বিদেশে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিবর্তে ভারতে বিয়ে করার আহ্বান জানান তিনি।
স্বর্ণ কেনার ক্ষেত্রেও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রয়োজন না থাকলে স্বর্ণ না কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাগরিকরা স্থানীয় পণ্য ও সেবা যত বেশি ব্যবহার করবেন, দেশের অর্থনীতিও তত বেশি শক্তিশালী হবে।
মোদি বলেন, আত্মনির্ভরতার ওপর গুরুত্ব অব্যাহত রাখতে পারলে ভারতের স্বাধীনতার শতবর্ষে একটি উন্নত দেশ গড়ে তোলা সম্ভব হবে।
এর আগে চলতি বছরের মে মাসেও বৈশ্বিক সংঘাত ও সরবরাহব্যবস্থায় অস্থিরতার প্রেক্ষাপটে নাগরিকদের ব্যয় ও ভ্রমণে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছিলেন মোদি।
তখন অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ের অনুষ্ঠান এড়িয়ে চলা, জ্বালানি ব্যবহার কমানো, গণপরিবহন ব্যবহারের পাশাপাশি ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনার পরামর্শ দিয়েছিলেন তিনি।
এবারও অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে দেশীয় পণ্য, সেবা ও পর্যটনকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিলেন ভারতের প্রধানমন্ত্রী।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!