যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, জানালেন জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ PM ৪৮
হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, জানালেন জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে ওয়াশিংটনের সরাসরি আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) লোহিত সাগরের গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ হুথিদের নিয়ন্ত্রণে নেওয়ার খবরের পর তিনি এ বিষয়ে কথা বলেন।

ক্যানসাস সফরে যাওয়ার আগে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রশাসন নিয়মিত তথ্য সংগ্রহ করছে এবং পুরো বিষয়টির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকার কথাও জানান তিনি। ভ্যান্স বলেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ করছে। একই সঙ্গে পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি স্পষ্ট করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, তাদের সঙ্গে আলোচনার প্রক্রিয়াও চলছে। তার ভাষ্য অনুযায়ী, এ কারণে পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্রের নজর ও নিয়ন্ত্রণ রয়েছে।

ভ্যান্স আরও বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখতে ওয়াশিংটন এ বিষয়ে ধারাবাহিকভাবে নজরদারি চালিয়ে যাবে।

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হুথিদের সাম্প্রতিক হামলা এবং ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে গোষ্ঠীটির সংঘাত যখন আরও তীব্র হয়েছে, ঠিক সেই সময় ভ্যান্সের এই বক্তব্য সামনে এলো।

জেডি ভ্যান্স

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!