যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ PM ৪৯
পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় মসজিদের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় কোহাটের একটি পুলিশ কমপ্লেক্সের মসজিদের কাছে এ বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে মসজিদের প্রবেশপথে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। এ সময় অন্তত একজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখাওয়া পাকিস্তানের এমন একটি অঞ্চল, যেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। হামলার ধরন ও এর পেছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!