যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

সৌদিতে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ PM ৪০
সৌদিতে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নয়জন নিহত হয়েছেন। রোববার আল-আহসা এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত পরিবারের সাত সদস্যের মধ্যে বাবা-মা, তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন।

সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর দুই গাড়িই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথম গাড়িতে থাকা একই পরিবারের সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও মারা যান। ফলে দুই গাড়িতে থাকা মোট নয়জনের মৃত্যু হয়।

পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গাড়ি হঠাৎ গতিপথ পরিবর্তন করেছিল। প্রাথমিকভাবে এটিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ঘটনার বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এবং সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ করে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!