যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

খাদ্যগুদামে অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৩:১৮ PM | সর্বশেষ আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৩:১৯ PM ৫৩
খাদ্যগুদামে অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: সংগৃহীত

দেশের খাদ্যগুদাম ও খাদ্যশস্য সরবরাহ ব্যবস্থাপনায় অনিয়ম কিংবা দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। পর্যাপ্ত খাদ্য মজুতের পাশাপাশি সাধারণ মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে সারা দেশের খাদ্যগুদাম ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শনের কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

আফরোজা খানম রিতা বলেন, দুর্যোগ বা জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রাখা জরুরি। একই সঙ্গে খাদ্য সরবরাহের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে নিরাপদ খাদ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করা যায়।

খাদ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় অনিয়ম কিংবা দায়িত্বে অবহেলার বিষয়টি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য দেশের বিভিন্ন খাদ্যগুদাম ও খাদ্য সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী। তার মতে, মানুষের সুস্থতার জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। উৎপাদন থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় সার সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশে সারের সংকট নেই। তবে সার সরবরাহ এবং এর সঠিক ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে বলে স্বীকার করেন তিনি।

কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান খাদ্যমন্ত্রী। আগামী ইরি-বোরো মৌসুমে সার পাওয়া নিয়ে কৃষকদের সমস্যায় পড়তে হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

খাদ্যমন্ত্রী এর আগে তার প্রয়াত বাবা হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। পরে ধানকোড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মাখনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে জাগীর মেঘশিমুল পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন।

খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!