পুরোনো ছবি
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বাড়তে থাকায় বাঁধের ১৬টি জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে স্পিলওয়ের গেটগুলো ৬ ইঞ্চি করে তুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
কর্তৃপক্ষ জানিয়েছে, উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় নিয়ে স্পিলওয়ের ১৬টি গেট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা হলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হতে পারে।
তবে বৃষ্টিপাত, হ্রদের পানির উচ্চতা এবং ইনফ্লোর পরিস্থিতি বিবেচনা করে গেট খোলার সময় পরিবর্তন হতে পারে। পানির প্রবাহ বা ইনফ্লো বেড়ে গেলে পর্যায়ক্রমে গেটের খোলার পরিমাণও বাড়ানো হতে পারে।
বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদ থেকে অতিরিক্ত পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীতে উল্লেখযোগ্য প্রভাব পড়ার আশঙ্কা নেই।
তবে কর্ণফুলী নদীতে জোয়ারের কারণে পানির উচ্চতা বেড়ে গেলে নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ১৮ জুলাই কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হয়েছিল। প্রায় এক মাস পর হ্রদের পানি আবার বাড়তে থাকায় নতুন করে গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!