যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৫:২২ PM | সর্বশেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM ৪৬
বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী বিপ্লব বড়ুয়া, তাঁর স্ত্রী সোমা বড়ুয়া, ভাই বিদ্যুৎ বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের মধ্যে এ আদেশ দেওয়া হলো।

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আদালতে করা আবেদনে দুদক জানায়, বিপ্লব বড়ুয়া, তাঁর স্ত্রী, ভাই ও ভাবির বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ নিজেদের নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার আশঙ্কার তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে কমিশন মনে করে।

আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!