যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

জিরো পয়েন্ট-সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ PM ৯৩
জিরো পয়েন্ট-সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না

ছবি: সংগৃহীত

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে হকারদের জন্য বিকল্প হিসেবে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে হকার বসার অনুমতি দেওয়া হবে না। তাই সংশ্লিষ্ট হকারদের সময় থাকতেই স্বেচ্ছায় ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

হকারদের ব্যবসার সুযোগ রাখতে বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানান ডিএসসিসি প্রশাসক।

তার ভাষ্য, অফিস সময় শেষ হওয়ার পর বিকেল ৪টা থেকে ওই এলাকায় হকাররা বসতে পারবেন। নির্ধারিত স্থানে নিয়ম মেনে ব্যবসা করার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আবদুস সালাম বলেন, সপ্তাহের সাত দিন সব জায়গায় হকার বসানোর সুযোগ দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

রাজধানীতে পরিবেশ সুরক্ষার পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারের নিচে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সতর্ক করেন তিনি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!