যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

সংসদ সদস্যদের মোবাইল হ্যাক ও ভয়েস ক্লোন নিয়ে সতর্ক করলেন চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ PM ৫৯
সংসদ সদস্যদের মোবাইল হ্যাক ও ভয়েস ক্লোন নিয়ে সতর্ক করলেন চিফ হুইপ

ছবি:সংগৃহীত

জাতীয় সংসদ সদস্যদের মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় তিনি সংসদ সদস্যদের এ বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে এসব প্রতারণা ঠেকাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

সংসদে চিফ হুইপ জানান, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্যের মোবাইল নম্বর ব্যবহার করে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, বিভিন্ন নম্বর থেকে ৫০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ পেয়েছেন তিনি। বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

এ ঘটনায় মোবাইল নম্বর বা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শুধু মোবাইল হ্যাক নয়, কৃত্রিমভাবে কারও কণ্ঠস্বর নকল করে প্রতারণার ঘটনাও ঘটছে বলে সংসদে জানান চিফ হুইপ।

তিনি বলেন, কিছু ক্ষেত্রে কাগজপত্র ব্যবহার করে স্বাক্ষর জাল করার অভিযোগও পাওয়া যাচ্ছে। এ ধরনের ঘটনায় বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের সংসদ সদস্যরাও ভুক্তভোগী হয়েছেন বলে জানান তিনি।

চিফ হুইপের মতে, বিষয়টি সম্পর্কে সংসদ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা প্রয়োজন।

বিষয়টি নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

তিনি বলেন, মোবাইল হ্যাক বা ভয়েস ক্লোনের মতো ঘটনায় ভুক্তভোগীদের দায়ী না করে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থা ও নির্বাহী বিভাগের পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জবাবে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে আগের দিনই আলোচনা হয়েছে। প্রতারণা ঠেকাতে বিটিআরসি ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা শুরু করেছে।

পয়েন্ট অব অর্ডারে সংসদ ভবনের প্রবেশব্যবস্থা নিয়েও কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, সংসদ ভবনের বিভিন্ন লবিতে ফেস রিডিং ডিভাইস রয়েছে।

সংসদ সদস্যদের নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করতে এসব ডিভাইসে মুখ শনাক্তকরণ প্রক্রিয়া অনুসরণ করে সংসদ কক্ষে প্রবেশের আহ্বান জানান তিনি।

চিফ হুইপ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদ ভবন থেকে বের হওয়ার সময়ও যেন সবাই নির্ধারিত ফেস রিডিং প্রক্রিয়া সম্পন্ন করেন।

মোবাইল হ্যাক, ভয়েস ক্লোন, পরিচয় নকল ও স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগ সাম্প্রতিক সময়ে নতুন ধরনের ডিজিটাল ঝুঁকির বিষয় সামনে এনেছে। বিশেষ করে পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর বা মোবাইল নম্বর ব্যবহার করে অর্থ দাবি করায় অনেকেই বিভ্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

সংসদ সদস্যদের ঘটনায় বিষয়টি জাতীয় সংসদে ওঠার পর এ ধরনের প্রতারণা ঠেকাতে প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক নজরদারি আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

মোবাইল নম্বর হ্যাক জাতীয় সংসদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!