যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ঢাকায় এক দিনে ৬২৯ গ্রেপ্তার, অভিযানে মিলেছে অস্ত্র ও মাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ PM ৫৯
ঢাকায় এক দিনে ৬২৯ গ্রেপ্তার, অভিযানে মিলেছে অস্ত্র ও মাদক

ছবি: সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি ৫০টি মামলা করা হয়েছে।

রোববার ১৩ সেপ্টেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির একাধিক বিভাগ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে। সেখানে আটক করা হয়েছে ২০৩ জনকে। এরপর তেজগাঁও বিভাগে ৯৫, মতিঝিলে ৬৮, ওয়ারীতে ৬৫, গুলশানে ৫৫, উত্তরা বিভাগে ৪৯, লালবাগে ৪২ এবং রমনা বিভাগে ৪০ জন গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ১২ জনকে।

অভিযানে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা এবং ১০৬ গ্রাম হেরোইন। একই অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান ও একটি এয়ারগান পাওয়া গেছে। পাশাপাশি এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং ৩২টি রেডবল কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশের অভিযানে মাদক ও অস্ত্রের বাইরে আরও বেশ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধার তালিকায় রয়েছে ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট এবং একটি সাদা বোতলের অ্যালকোহল।

এ ছাড়া একটি সিএনজি ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্রের মধ্যে চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড ও একটি চাপাতি পাওয়া গেছে। অভিযানে নগদ ১৮ হাজার ২২০ টাকাও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!