সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত
গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তাঁর মতে, স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোও শক্তিশালী করা সম্ভব নয়।
রোববার সচিবালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যার দেশে মানুষের কাছে সরকারি সেবা কার্যকরভাবে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। এ জন্য একদিকে দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নিতে হবে, অন্যদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আয় ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির দিকেও নজর দিতে হবে।
স্থানীয় সরকারকে কার্যকর করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলেও মন্তব্য করেন আবদুল মঈন খান। স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এবং জনগণের অংশগ্রহণ বাড়ানো গেলে এসব প্রতিষ্ঠান আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল গণতন্ত্র ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সহযোগিতা।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সক্ষম করার মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করার বিভিন্ন বিষয় বৈঠকে উঠে এসেছে। বিশেষ করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানো, প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা বিনিময়েও বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। অভিজ্ঞতা ও সহযোগিতা ভাগাভাগির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলজিআরডি মন্ত্রী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!