ঢাকার সড়কে চলাচলরত বাস; ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বুধবার (২৩ সেপ্টেম্বর) নতুন ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে বলা হয়েছে, সংশোধিত ভাড়া ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে।
নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাসের ক্ষেত্রেও ভাড়া বেড়েছে। পাশাপাশি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
তবে মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়ায় পরিবর্তন আনা হয়নি। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা বহাল রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আসনসংখ্যা পরিবর্তন করা যানবাহনের ভাড়া নির্ধারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের আরামদায়ক যাতায়াতের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের ভেতরের আসন বিন্যাস পরিবর্তন করা হলে সেই অনুযায়ী ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার কথাও বলা হয়েছে।
নতুন ভাড়ার হার গ্যাস বা সিএনজিচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ প্রজ্ঞাপনে নির্ধারিত এই বাড়তি ভাড়া মূলত ডিজেলচালিত গণপরিবহনের জন্য প্রযোজ্য।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে প্রতিটি বাস ও মিনিবাসের ভেতরে দৃশ্যমান স্থানে অনুমোদিত ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীরা নির্ধারিত ভাড়া সম্পর্কে সহজে জানতে পারবেন।
সম্প্রতি সরকার সব ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
জ্বালানি তেল মূল্যবৃদ্ধি প্রজ্ঞাপন জারি মহানগরী ডিজেল ডিটিসিএ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!