যুক্তরাষ্ট্র   শনিবার ১০ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

দায়িত্বে গাফিলতি ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ PM | সর্বশেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ PM ২৯
দায়িত্বে গাফিলতি ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; ছবি: সংগৃহীত

পুলিশের দায়িত্ব পালনে গাফিলতি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিতে সহায়তার অভিযোগ বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, রাষ্ট্রদ্রোহের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ কর্মকাণ্ড ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। অনুষ্ঠানে পুলিশের দায়িত্ব, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সরকার কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর কথা জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, এসব শক্তির সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পুলিশের কেউ গোপনে তথ্য দিয়ে বা অন্য কোনোভাবে তাদের সহায়তা করছে—এমন তথ্যও তাঁদের কাছে রয়েছে বলে জানান তিনি।

দায়িত্বে অবহেলার বিষয়েও পুলিশ সদস্যদের সতর্ক করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করা বা কাজে গাফিলতির কিছু ঘটনা রয়েছে। এসব ক্ষেত্রে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি সরকারের বার্তা হলো—রাষ্ট্র ও সমাজের প্রয়োজন অনুযায়ী শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করা।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদী শক্তি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং তাদের মাধ্যমে নির্যাতন চালিয়েছে। তাঁর দাবি, অনেক সদস্য ওই সময় অবৈধ নির্দেশ পালন করতে বাধ্য হয়েছিলেন; বর্তমান সরকার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে অতীতের সহিংসতার প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর দাবি, যারা এক মাসে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, জনগণ তাদের আর ফিরিয়ে আনবে না এবং এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে।

বর্তমান সরকারের রাজনৈতিক ভিত্তি নিয়েও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতান্ত্রিক ভিত্তি, জন-আকাঙ্ক্ষা ও ব্যাপক জনপ্রত্যাশার পাশাপাশি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠিত বর্তমান সরকারের ভিত্তি শক্তিশালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!