যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ PM ৪৬
তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সহযোগিতা বাড়ানোর আলোচনা

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান; ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ। শুক্রবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটারাল বুথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক বৈঠকের তথ্য জানান।

আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি এবং উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার পরিধি সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় আসে।

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীও ঢাকা-রিয়াদ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও এ সময় মতবিনিময় হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বর্তমানে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!