যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

ফেনীর কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ PM ৪৯
ফেনীর কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

দিনব্যাপী ফেনী সফর শেষে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজসহ বেশ কয়েকটি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১১টা ১৫ মিনিটে গুলশানে নিজের বাসভবনে পৌঁছান তারেক রহমান। এর আগে সন্ধ্যা ৭টার দিকে তিনি ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

সফরের শুরুতে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে খাল ও নদী খনন এবং বাঁধ নির্মাণ কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। পাশাপাশি ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।

দিনের শেষ ভাগে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের সম্মানী দেওয়া হয়। পরে সেখানে বক্তব্য দেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ফেনীতে পৌঁছান। দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় রাজধানীর পথে রওনা হয়ে রাতে ঢাকায় ফেরেন তিনি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!