যুক্তরাষ্ট্র   রবিবার ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইবি নির্বাচন ২০২৬: ফলাফল প্রত্যাখ্যান ও পুনর্নির্বাচনের দাবি 'ওয়ান আইইবি' প্যানেলের

অভিযোগ: স্বেচ্ছাচারিতা, ভোট কারচুপি ও সন্ত্রাসী আক্রমনের নেতৃত্বে ছিলেন নির্বাচনী বোর্ডের সদস্যরা
সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ PM | সর্বশেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ PM ২৯৮
আইইবি নির্বাচন ২০২৬: ফলাফল প্রত্যাখ্যান ও পুনর্নির্বাচনের দাবি 'ওয়ান আইইবি' প্যানেলের

আইইবি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন ‘ওয়ান আইইবি’ প্যানেলের নেতারা। ছবি: সবুজ নিশান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে (২০২৭-২০২৮) ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেছেন ওয়ান আইইবি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। রাজধানীর রিপোর্টার্স ইউনিটি'তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ান আইইবি প্যানেল নেতৃবৃন্দ এই ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করেন।

নজিরবিহীন ভোট জালিয়াতি, দলীয় লোকজনকে দিয়ে ভোট গ্রহণ, জাল ভোট প্রদান ও প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে ১৩ নভেম্বর, সন্ধ্যা ৬টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ONE IEB প্যানেলের এক জরুরি সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উক্ত প্যানেলের ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।

তিনি বলেন, “দীর্ঘদিন পর বাংলাদেশের পেশাজীবী সংগঠনগুলোর অন্যতম প্রতিষ্ঠান—ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, (আইইবি)-এর ২০২৭-২০২৮ সেশনের নির্বাচন গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক প্রকৌশলী, বিশেষ করে নবীন প্রকৌশলীদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। কিন্তু আজ্ঞাবহ নির্বাচন কমিশন ও সরকারদলীয় প্যানেলের যোগসাজশে একটি সাজানো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি।”

নির্বাচনের অনিয়ম ও কারচুপির উল্লেখযোগ্য কয়েকটি অভিযোগ ও প্রমাণ তুলে ধরে তিনি বলেন:

১. নির্বাচন কমিশন প্রার্থীদের পক্ষ থেকে এজেন্ট নিয়োগের আবেদন গ্রহণ করলেও প্রার্থীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ভোটের দুই দিন আগে এজেন্ট না রাখার সিদ্ধান্ত জানায়, যা নির্বাচনী তফসিলের সঙ্গে সাংঘর্ষিক। অথচ নির্বাচনী তফসিলে আগে থেকেই এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত ছিল।

২. সরকারদলীয় প্যানেলের পক্ষে ভোট দেওয়ার জন্য আগের রাতে সব সরকারি চাকরিজীবীকে বার্তা দেওয়া হয়। একই সঙ্গে ভোট দেওয়ার পর ব্যালটের ছবি তুলে অ্যাবের সেক্রেটারির কাছে পাঠানো বাধ্যতামূলক—এমন নির্দেশনা সংবলিত হোয়াটসঅ্যাপ বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

৩. সরকারদল-সমর্থিত হলুদ প্যানেলের প্রার্থীরা সকাল থেকেই মারমুখী আচরণ শুরু করেন। দুপুর ২টার পর থেকে তারা জাল ভোট প্রদানে মরিয়া হয়ে ওঠেন। জাল ভোট প্রতিরোধে, ব্যালটের হিসাব মিলিয়ে দেখতে গেলে কম্পিউটার ডিভিশনের সেক্রেটারি প্রার্থী ইমরুল কায়েস পরাগ, ঢাকা সেন্টারের কাউন্সিল সদস্য প্রার্থী ইসমাইলসহ অনেকের ওপর তারা কয়েক দফায় চড়াও হন।

৪. বিকেল ৩টার দিকে কয়েকজন প্রার্থী জানতে পারেন যে, আইইবি ভবনের ষষ্ঠ তলায় জাল ভোট দেওয়া হচ্ছে। তারা সেখানে গিয়ে চার সহস্রাধিক ব্যালটের বান্ডিল দেখতে পান এবং সংশ্লিষ্টদের আটক করেন। তখন নির্বাচন কমিশনের একজন সদস্য হলুদ প্যানেলের প্রার্থীদের নিয়ে মব তৈরি করে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।

৫. একজনের আইডি কার্ড অন্যজন ব্যবহার করে জাল ভোট দিতে গিয়ে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি ধরা পড়েছেন। একই ব্যক্তি অননুমোদিতভাবে একাধিক আইডি কার্ড উত্তোলন করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। হলুদ প্যানেলের পক্ষে জাল ভোট দেওয়ার জন্য প্রকৌশলী নন এমন তরুণকে পাঠানো হলেও সে হাতেনাতে ধরা পড়ে। ধরা পড়ার পর সে দৌড়ে ইসির অফিসের দিকে যাওয়ার চেষ্টা করে। তাঁদের আইনের আওতায় না এনে ছেড়ে দেওয়া হয়।

৬. পোলিং অফিসাররা ছিলেন সরকারি প্রকৌশল দপ্তরের কর্মকর্তা। কিছু সরকারি প্রকৌশল দপ্তরের চিফ ইঞ্জিনিয়াররা হলুদ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন এবং তারাই পোলিং অফিসার নির্বাচন করেছিলেন। ফলে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ পক্ষপাতদুষ্ট ছিলেন।

৭. একই টোকেন পুনর্ব্যবহার করে এবং একই টোকেনে একাধিক ব্যালট দিয়ে জাল ভোট দেওয়া হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

৮. দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ব্যালট পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ পর পুনরায় ব্যালট নিয়ে আসা হয়, যা জনমনে প্রশ্নের উদ্রেক করেছে। ব্যালট কোথায় গিয়েছিল এবং কোথা থেকে পাওয়া গেল, এ প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি।

৯. শেষ দিকে টোকেন দেওয়া হলেও ব্যালট না পেয়ে অনেকেই ভোট দিতে পারেননি। ভোট না দিয়েই ফেরত গেছেন এমন মানুষের সংখ্যাও কম নয়।

১০. নির্বাচন কমিশনের লোকজন ছাড়া কমিশনের কক্ষে অন্য কারও প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু আমরা দেখেছি, হলুদ প্যানেলের লোকজন সেখানে অবাধে প্রবেশ ও বের হয়েছেন।

১১. জাল ভোট ঠেকানোর দায়ে স্কাউট সদস্যদের ওপর হলুদ প্যানেলের কর্মীরা হামলা করেছেন।

১২. সাংবাদিকদের ওপর বারবার হামলা, হুমকি এবং মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ এসেছে।

১৩. জাল ভোটের বিষয়টি ধরা পড়ার আশঙ্কায় স্লিপ ও ব্যালট মিলিয়ে দেখতে দেওয়া হয়নি।

১৪. অ্যাব-সমর্থিত ভোটকর্মীরা পোলিং এজেন্টের ভূমিকা পালন করেছেন। সিইসির অনুমোদন বা কার্ড ছাড়াই ব্যালট পেপার ইস্যু করা হয়েছে। প্রতিবাদ করা ও সিইসিকে জানানো হলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কাকে, কীভাবে এবং কতটি ব্যালট দেওয়া হয়েছে, তার কোনো হিসাব নির্বাচন কমিশন দিতে পারেনি।

১৫. ভোট গণনার আগে ও পরে অ্যাবের আহ্বায়ক শাহরিন ইসলাম তুহিন ও সেক্রেটারি শোয়াইব বাশরী হাবলুর নেতৃত্বে প্রভাব বিস্তার করে ফলাফল হলুদ প্যানেলের পক্ষে নেওয়ার সব আয়োজন সম্পন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ পর্যায়ে তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজসহ ভোটের নানা অনিয়ম তুলে ধরে সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন ঢাকা সেন্টারের সম্মানী সেক্রেটারি পদপ্রার্থী প্রকৌশলী মাহমুদুর রহমান। এ সময় তিনি প্রায় ত্রিশটি অনিয়মের প্রমাণ উপস্থাপন করেন।

হেডকোয়ার্টারের সম্মানী সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, “এই ব্যাপক অনিয়ম ও কারচুপির ফলে গত রাত দেড়টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছি। আমাদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ না নিলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। প্রয়োজনে আমরা সকল প্রকৌশলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এইচএজিএস (একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল) পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহ মো. ফয়সাল বিন রহমান, এইচএজিএস (সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার) পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম, এইচএজিএস (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. শরীফুল ইসলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক টেলিকম ক্যাডার ইঞ্জিনিয়ার এস. এম. ফরহাদ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল মাওলা, সেক্রেটারি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. নুর নবী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মাহফুজ আলম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহিবুল ইসলাম ফাহিমসহ সেন্ট্রাল কাউন্সিল ও লোকাল কাউন্সিলের বিপুলসংখ্যক সদস্যপ্রার্থী।

আইইবি নির্বাচন ওয়ান আইইবি প্যানেল ভোট কারচুপি জাল ভোট পুনর্নির্বাচনের দাবি প্রকৌশলী সংগঠন নির্বাচন কমিশন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!