যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ PM ৩৫
সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

ছবি: সংগৃহীত

আনন্দ, উৎসব আর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পর বিদায়ের আবহে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজ বিজয়া দশমীতে দেবী দুর্গার পূজা-অর্চনা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের এই উৎসবের সমাপ্তি ঘটবে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি।

বিজয়া দশমীর সকালে পূজামণ্ডপগুলোতে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা। এরপর অপরাজিতা পূজা, দেবীর বিশেষ অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়। পূজার সমাপনী পর্বে দর্পণ ও ঘট বিসর্জনের পর শুরু হয় দেবীবরণের আয়োজন।

দেবীবরণে বিবাহিত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করেন এবং মিষ্টিমুখ করিয়ে তাঁকে বিদায় জানান। পরে একে অপরের কপাল ও মুখে সিঁদুর মাখিয়ে পালন করেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। এ সময় পরিবার ও সংসারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন তাঁরা।

ধর্মীয় বিশ্বাস ও রীতির অংশ হিসেবে দেবীর চরণে দেওয়া সিঁদুরকে অনেকে শুভ ও মঙ্গলজনক মনে করেন। দেবীর আশীর্বাদ সঙ্গে নিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা থাকে ভক্তদের।

সবশেষে নদী কিংবা জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে। উৎসবের শেষ দিনে ভক্তদের মনে যেমন বিদায়ের বিষাদ, তেমনি আগামী শরতে দেবীর ফিরে আসার অপেক্ষাও তৈরি হয়।

বিজয়া দশমী দুর্গাপূজা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!