যুক্তরাষ্ট্র   সোমবার ২৭ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

রাজবাড়ীতে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কায় বাস-মাহিন্দ্র-ইজিবাইকে সংঘর্ষ, নিহত ২

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০২:০৫ PM

রাজবাড়ীতে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কায় বাস-মাহিন্দ্র-ইজিবাইকে সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাঁচটি বগির ধাক্কায় যাত্রীবাহী বাস, মাহিন্দ্র ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই ২০২৬) রাত ৯টার দিকে খানখানাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ব্র্যাক পাড়ার ইজিবাইক যাত্রী মনোয়ার হোসেন (৫০) এবং বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের মাহিন্দ্র যাত্রী আবদুল মালেক (৪৫)।

পুলিশ ও রেলওয়ে সূত্র জানায়, ফরিদপুরের একটি বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহ শেষে ইঞ্জিনসহ ৩০টি বগি নিয়ে ট্রেনটি রাজবাড়ীর দিকে ফিরছিল। খানখানাপুর রেলক্রসিংয়ের কাছে পৌঁছানোর আগে ট্রেনটির পেছনের পাঁচটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রেনের ইঞ্জিনসহ সামনের ২৫টি বগি ক্রসিং পার হওয়ার পর দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটের ব্যারিয়ার তুলে দেন। এ সময় ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী একটি বাস, একটি মাহিন্দ্র এবং একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল।

ঠিক তখনই বিচ্ছিন্ন হয়ে আসা পাঁচটি বগি দ্রুতগতিতে এসে তিনটি যানবাহনে আঘাত করে। এতে মাহিন্দ্র ও ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে সেটি রেললাইনের পাশে আটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিয়ার ওঠানোর পর কয়েকটি যানবাহন দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিচ্ছিন্ন বগিগুলো এসে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, গেটম্যান হয়তো বুঝতে পারেননি যে ট্রেনের আরও কয়েকটি বগি পেছনে বিচ্ছিন্ন অবস্থায় এগিয়ে আসছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে তাঁদের মধ্যে দুজন মারা যান।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের আমিরাবাদ স্টেশনে নেওয়া হয়েছে।

ট্রেন দুর্ঘটনা রাজবাড়ী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!