যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের দুই শর্টগান-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৩:৪৮ PM ১৩৩
সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের দুই শর্টগান-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের ভেতরে পড়ে থাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে পরে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে এসব সরঞ্জাম বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তে ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায়। বিজিবি জানায়, বিকেলে কয়েকজন কৃষক সেখানে জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কৃষকদের মারধর করেছেন বলে অভিযোগ ওঠে।

কৃষকদের সঙ্গে ওই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন গ্রামবাসী বিএসএফ সদস্যদের ধাওয়া করেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে। এ সময় দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে বিএসএফ সদস্যরা চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

ঘটনার পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় বলে জানিয়েছে বিজিবি।

পরে বৈঠকের মাধ্যমে বিএসএফের দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি তাদের কাছে ফেরত দেওয়া হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!