ছবি: সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল আজ সোমবার (৫ অক্টোবর) রাত ৮টায় প্রকাশ করা হবে। গত ১ অক্টোবর দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শেষ হওয়ার পর এখন নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের অপেক্ষা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির গত ২৮ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময়সূচি জানানো হয়।
ফল দেখতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোম পেজ থেকে ‘Result’ অপশনে প্রবেশ করে নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর প্রদর্শিত নিরাপত্তা বা ভেরিফিকেশন কোড লিখে ‘View Result’ বাটনে ক্লিক করলেই মনোনীত কলেজ ও বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
শুধু ওয়েবসাইটেই নয়, আবেদন করার সময় দেওয়া বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরেও নির্বাচিত কলেজের তথ্য এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে হবে। আগামী ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত এই নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এদিকে পছন্দক্রমের ভিত্তিতে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
২০২৬-২৭ শিক্ষাবর্ষ একাদশ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!