যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী মনোনীত

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ PM ৫০
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী মনোনীত

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর নাম রয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোনীতদের মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের ছয়জন, ২০২০ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২১ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী রয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষের মনোনীতরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ ৩.৯৬), ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (সিজিপিএ ৩.৭৫), ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (সিজিপিএ ৩.৯৫), প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাস্সুম ইমা (সিজিপিএ ৩.৮১), বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (সিজিপিএ ৩.৫০) এবং অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (সিজিপিএ ৩.৮৯)।

২০২০ শিক্ষাবর্ষে তালিকায় রয়েছেন গণিত ডিসিপ্লিনের মোঃ মেহেদী হাসান রাসেল (সিজিপিএ ৩.৯৪), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের আলমগীর হোসেন (সিজিপিএ ৩.৯৩), ফার্মেসি ডিসিপ্লিনের প্রত্যাশা শিকদার (সিজিপিএ ৩.৯৫), ইংরেজি ডিসিপ্লিনের টি এম রাফাত রহমান (সিজিপিএ ৩.৫২) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সুদীপ্ত দেবনাথ (সিজিপিএ ৩.৯৪)।

আর ২০২১ শিক্ষাবর্ষে একমাত্র মনোনীত শিক্ষার্থী হলেন ইংরেজি ডিসিপ্লিনের তানাজ কবির। তাঁর সিজিপিএ ৩.৬৭।

ইউজিসির উদ্যোগে দেওয়া এ পদকের লক্ষ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় তাঁদের উৎসাহিত করা। ২০০৫ সাল থেকে ইউজিসি এই স্বর্ণপদক প্রদান করে আসছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী এ স্বীকৃতির জন্য মনোনীত হওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তাঁদের সাফল্য অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল, জ্ঞানচর্চা ও গবেষণায় উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানও মনোনীত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খুলনা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী স্বর্ণপদক ইউজিসি মনোনীত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!