যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ২৩ নভেম্বর থেকে

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ PM ৬১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ২৩ নভেম্বর থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয় ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিনের পরীক্ষা দুপুর ১টায় শুরু হবে।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও সময় জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হতে পারে। তাই পরীক্ষার্থীদের সর্বশেষ নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইট অনুসরণ করতে হবে। অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর নির্ভর না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রবেশপত্র সংগ্রহ ও তথ্য যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের। অধ্যক্ষরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ems.nu.ac.bd ওয়েবসাইটে কলেজের নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করবেন। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে প্রবেশপত্র বিতরণ শেষ করতে হবে। বিতরণের আগে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ ও বিষয় কোড রেজিস্ট্রেশন বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশনাও দেওয়া হয়েছে। ভুল তথ্যের জন্য সংশ্লিষ্ট অধ্যক্ষ দায়ী থাকবেন।

পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখ করা বিষয় কোড অনুসারে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা হলে উপস্থিতি নিশ্চিত করার সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দেখানো বাধ্যতামূলক। ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরে জানানো হবে। এসব তথ্য নিজ দায়িত্বে জেনে নিতে হবে পরীক্ষার্থীদের। ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে।

কেন্দ্র ব্যবস্থাপনা ও ফি জমার বিষয়েও নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়। কলেজ কর্তৃপক্ষকে ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের রোল বিবরণী ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে। এর একটি কলেজে সংরক্ষণ করতে হবে এবং অন্যটি কেন্দ্র ফি জমা দেওয়ার কাজে ব্যবহার করতে হবে। নির্ধারিত কেন্দ্র ফি বাবদ আদায় করা ৪৫০ টাকার মধ্যে ৩০০ টাকা পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। বাকি ১৫০ টাকা কলেজের পরীক্ষা-সংক্রান্ত ব্যয়ে ব্যবহার করা যাবে।

এ ছাড়া তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার আগে ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক বের না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে সময়সূচি ও অন্যান্য জরুরি তথ্য জানতে পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে অন্তত তিনবার ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও হালনাগাদ নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে: www.nu.ac.bd।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!