যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫ হাজার ২৭৮, আহত সাড়ে ১৬ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ PM ৫৫
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫ হাজার ২৭৮, আহত সাড়ে ১৬ হাজারের বেশি

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে। সোমবার প্রকাশিত সর্বশেষ সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ জুন দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ভেনেজুয়েলার উত্তরাঞ্চল, বিশেষ করে রাজধানী কারাকাসের কাছের উপকূলীয় লা গুয়াইরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভেনেজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এছাড়া শত শত মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। তবে এখনো নিখোঁজ মানুষের সংখ্যা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। উদ্ধার ও ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্যোগের কারণে ২৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। স্টেডিয়াম, গণচত্বর ও অন্যান্য খোলা স্থানে এসব আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবক ও জরুরি সেবা কর্মীরা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, খাদ্য এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম, অবকাঠামো পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ভেনেজুয়েলা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ভেনেজুয়েলা ভূমিকম্প

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!