অস্বাস্থ্যকর পরিবেশে ১৯ লিটারের জারে উৎপাদন করা ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’; ছবি: সংগৃহীত
রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর এলাকায় লাইসেন্স ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রির দায়ে ‘ফিউচার মিনারেল ওয়াটার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
বিএসটিআই কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি সংস্থাটির গুণগত মানসনদ না নিয়েই ১৯ লিটারের জারে পানীয় জল উৎপাদন, বিক্রি ও বাজারজাত করছিল। উৎপাদনস্থলের পরিবেশও স্বাস্থ্যসম্মত ছিল না বলে অভিযানে উঠে আসে।
অভিযানের সময় বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিএম উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিল।
বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য ও পানীয় নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বালিয়াপুকুর লাইসেন্স ড্রিংকিং ওয়াটার
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!