অনুশীলনে নাহিদ রানা; ছবি: সংগৃহীত
পায়ের চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে নাহিদ রানার। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও এই পেসারকে মাঠে দেখা যাবে না। পুনর্বাসন শেষ করে সম্পূর্ণ ফিট হওয়ার আগ পর্যন্ত তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পায়ে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন নাহিদ। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার পর দেশে ফিরে এখন বিসিবির ব্যবস্থাপনায় পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই পেসার।
চোট পাওয়ার প্রায় দেড় মাস পর সম্প্রতি আবার বোলিং অনুশীলন শুরু করেছেন নাহিদ। তবে এখনো পুরো রান-আপ নিয়ে বল করছেন না। নেটে ছোট রান-আপ ব্যবহার করে ধীরে ধীরে বোলিংয়ের চাপ বাড়ানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নাহিদের না থাকার বিষয়টি আগেই প্রায় নিশ্চিত ছিল। এবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্তের কথা জানা গেছে। বিসিবি সূত্র বলছে, দ্রুত ফেরানোর বদলে পর্যাপ্ত সময় দিয়ে নাহিদকে পূর্ণ বোলিং সক্ষমতায় ফেরানোই এখন অগ্রাধিকার।
বর্তমানে দেশে থেকেই পুনর্বাসনের পাশাপাশি বোলিং লোড বাড়াবেন নাহিদ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পেতে পারেন তিনি।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের পুরো সিরিজে নাহিদকে খেলানোর পরিকল্পনা নেই বলে জানা গেছে। তাঁকে একটি ম্যাচে মাঠে নামিয়ে পরবর্তী দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বোর্ড। গুরুত্বপূর্ণ ওই সিরিজে নাহিদকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়াই বিসিবির পরিকল্পনা।
নাহিদ রানা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!