যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ PM ১৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক সম্প্রতি পৃথিবীর কক্ষপথে একটি মহাকাশ অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। শত্রুপক্ষের সম্ভাব্য হামলা থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতেই এই 'অন-অরবিট' অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।

সোমবার এয়ার, স্পেস অ্যান্ড সাইবার সম্মেলনে মেইঙ্ক উল্লেখ করেন যে, মহাকাশে ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত। তবে অস্ত্রটির ধরন, সুনির্দিষ্ট সক্ষমতা কিংবা উৎক্ষেপণের সময় সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। রাশিয়ার ও চীনের সম্ভাব্য প্রযুক্তির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় চীন মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সামরিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্রটি ইলেকট্রনিক যুদ্ধ বা রেডিও জ্যামিং ব্যবস্থার অংশ হতে পারে, যা স্যাটেলাইটের যোগাযোগব্যবস্থা অচল করে দিতে সক্ষম।

১৯৬৭ সালের আন্তর্জাতিক চুক্তিতে কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ থাকলেও প্রধান সামরিক শক্তিগুলো দীর্ঘদিন ধরে স্যাটেলাইট লক্ষ্যবস্তু করা এবং যোগাযোগের সক্ষমতা উন্নয়নে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত মার্কিন স্পেস ফোর্সের এই পদক্ষেপ মহাকাশকে ভবিষ্যৎ সামরিক সংঘাতের অন্যতম ক্ষেত্র হিসেবে তুলে ধরছে।

যুক্তরাষ্ট্র মহাকাশ অস্ত্র স্যাটেলাইট সুরক্ষা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!