যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে আইন লঙ্ঘনকারীদের সহায়তায় ৬ মাসের কারাদণ্ড, লাখ রিয়াল জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ PM ৪
সৌদি আরবে আইন লঙ্ঘনকারীদের সহায়তায় ৬ মাসের কারাদণ্ড, লাখ রিয়াল জরিমানা

ফাইল ছবি: এএফপি

সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের সহায়তা করলেও কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে। এ ধরনের কাজে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সতর্কবার্তা অনুযায়ী, আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, চাকরিতে নিয়োগ, থাকার ব্যবস্থা করা কিংবা অন্য কোনো উপায়ে সহযোগিতা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এ ক্ষেত্রে শুধু সরাসরি আইন লঙ্ঘনকারীরাই নয়, তাঁদের সহায়তাকারীরাও আইনি ব্যবস্থার আওতায় আসতে পারেন। অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রবাসীদের সৌদি আরব থেকে বহিষ্কারের ঝুঁকিও রয়েছে।

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত বিধিবিধান কার্যকর রাখা এবং আইন লঙ্ঘনে সহায়তার বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্যোগের অংশ হিসেবে এই সতর্কতা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্য নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন যথাযথভাবে কার্যকর করতে সাধারণ মানুষের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে মন্ত্রণালয়।

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের জন্য সন্দেহজনক ঘটনা জানানোর পৃথক হটলাইন নম্বর নির্ধারণ করা হয়েছে।

মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে এ ধরনের তথ্য জানাতে ৯১১ নম্বরে যোগাযোগ করা যাবে। অন্যদিকে, দেশটির বাকি অঞ্চলগুলোর বাসিন্দাদের জন্য ৯৯৯ নম্বর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আইন লঙ্ঘনে সহায়তা থেকে বিরত থাকা এবং সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!