যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

২০২৮ নির্বাচন ঘিরে প্রগতিশীলদের সংগঠিত করছেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ PM ১২
২০২৮ নির্বাচন ঘিরে প্রগতিশীলদের সংগঠিত করছেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার যোগ্যতা নেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। তবে ২০২৮ সালের নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শিবিরে প্রভাব বিস্তারের উদ্যোগ নিয়েছেন তিনি। নিজে নির্বাচনে অংশ নিতে না পারলেও শ্রমিক সংগঠন ও বামঘেঁষা রাজনৈতিক শক্তিকে এক ছাতার নিচে আনার মাধ্যমে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে ভূমিকা রাখতে চান এই মেয়র।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এ লক্ষ্য নিয়ে শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন মামদানি। তাঁর আলোচনায় গুরুত্ব পাচ্ছে শ্রমিকপন্থী ও প্রগতিশীল ধারার কোনো প্রার্থীকে ২০২৮ সালের নির্বাচনে সামনে আনার বিষয়টি। মধ্যবর্তী নির্বাচনে প্রগতিশীলদের অর্জিত রাজনৈতিক গতি ধরে রেখে আগেভাগেই সংগঠনগুলোকে প্রস্তুত করার পক্ষে তিনি।

মামদানির পরিকল্পনার ক্ষেত্রে বড় অনিশ্চয়তা নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজের (এওসি) নির্বাচনী সিদ্ধান্ত। তিনি ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়বেন, নাকি সিনেট নির্বাচনে অংশ নেবেন—তা এখনো পরিষ্কার নয়। ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনায় মামদানি নিজেও এ অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন বলে অ্যাক্সিওসের সূত্রগুলো জানিয়েছে।

এওসি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক মনোনয়ন লড়াইয়ে প্রগতিশীলদের সামনে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। সে ক্ষেত্রে শক্তিশালী বিকল্প প্রার্থী নিশ্চিত করতে আগাম সমন্বয়ের প্রয়োজন হবে। মামদানি চাইছেন, কোনো মধ্যপন্থী প্রার্থী মনোনয়ন দৌড়ে এগিয়ে গেলে প্রগতিশীলরা যেন দ্রুত নিজেদের অবস্থান ঠিক করে ঐক্যবদ্ধ হতে পারেন।

 

জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!