যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ PM ১৫
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে প্রাণ গেল ৩ জনের

লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চরচামিতা এলাকায় বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি বাস মহাসড়কে উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধারে সহায়তা করেন। পরে তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যাত্রী আব্দুর রহমানের ভাষ্য, তিনি ও তাঁর স্ত্রী সাজেদা বেগম বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, বাসচালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা গতি কমানোর অনুরোধ করলেও চালক তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে বাসটি উল্টে যায়।

আহত আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও হাতে আঘাতের চিহ্ন ছিল। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনা চন্দ্রগঞ্জ চরচামিতা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!