যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

১২ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ PM ১৩
১২ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের  বিক্ষোভ

পল্টন মোড়ে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকদের জীবিকা এবং তাঁদের ক্ষুদ্র পুঁজি সুরক্ষার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকেরা। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে পল্টনসহ আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকদের স্বার্থ রক্ষায় নতুন ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন। পাশাপাশি রিকশা, ভ্যান ও ইজিবাইকসহ সব ধরনের ব্যাটারিচালিত বাহনের প্রাতিষ্ঠানিক নিবন্ধন এবং বৈধ অনুমোদন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের বিষয়টিও তাঁদের দাবির তালিকায় রয়েছে।

সমাবেশে বক্তারা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে এসব যানবাহনের উপযোগী লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, নিবন্ধন ও নবায়নের সরকারি ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে রাখা প্রয়োজন, যাতে শ্রমজীবী চালক ও ক্ষুদ্র মালিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে।

এ ছাড়া মাঠপর্যায়ে কর্মরত প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স ও কাগজপত্র সংগ্রহের জন্য অন্তত দুই বছর সময় দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে সহজ প্রক্রিয়ায় বৈধ কাগজপত্র পাওয়ার সুযোগ নিশ্চিত করা হলে শ্রমিকদের জীবিকা সুরক্ষার পাশাপাশি যানবাহন ব্যবস্থাপনাও নিয়মের আওতায় আনা সম্ভব হবে।

সকাল থেকে চলা অবরোধ ও সমাবেশের কারণে পল্টন মোড় এবং সংলগ্ন সড়কগুলোতে যানবাহনের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। ফলে কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যেতে সাধারণ মানুষকে বাড়তি সময় ও দুর্ভোগের মুখে পড়তে হয়।

পল্টনে সড়ক অবরোধ ব্যাটারিচালিত রিকশা রিকশা শ্রমিকদের আন্দোলন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!