যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

দীপাবলিতে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য বন্ধ

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:২০ PM ১২
দীপাবলিতে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য বন্ধ

দীপাবলি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে এক দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

দীপাবলি বা কালীপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানো ও খালাসের কাজ চলছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে যাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা সোমবার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে ভারত থেকে পণ্য নিয়ে আসা খালি ট্রাকগুলো বাংলাদেশ থেকে ফিরে যেতে পারবে। এ কারণে চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল পথে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হওয়ার কথা রয়েছে। ফলে উৎসবের ছুটি শেষে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমে ফিরবে দুই দেশের ব্যবসায়ীরা।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে আগেই চিঠি দিয়ে বেনাপোল বন্দরের ব্যবসায়ীদের জানানো হয়েছিল।

অন্যদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানিয়েছেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের যাত্রীদের যাতায়াতে কোনো পরিবর্তন আসেনি। আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দর পেট্রাপোল বন্দর আমদানি-রপ্তানি বন্ধ দীপাবলি বাংলাদেশ-ভারত বাণিজ্য বেনাপোল ইমিগ্রেশন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!