ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
ভারত থেকে বাংলাদেশে ফেরার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ আবেদন পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের হাতে আসা চিঠি অনুযায়ী, সোমবার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনটি পাঠান। চিঠিতে বলা হয়, শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আওয়ামী লীগের নেতাদের বরাতে রয়টার্স জানিয়েছে, দেশে ফেরার নির্দিষ্ট সময় নির্ধারণের আগে প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে চান শেখ হাসিনা। তবে আবেদন জমা পড়ার অর্থ এই নয় যে দেশে ফেরার সময়সূচি চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরে ওই আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। ফলে দেশে ফেরার ক্ষেত্রে পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত আবেদন ছাড়াও বিচারিক ও অন্যান্য আইনি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগারে রয়েছেন, অন্যদের কেউ কেউ ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনার নতুন পরিচয়পত্রের আবেদন এবং সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনা শেখ হাসিনার নতুন পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র রয়টার্স
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!