চুল মানুষের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে চুল কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, আত্মবিশ্বাসের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তাই চুলের যত্নে কেউই অবহেলা করতে চান না। তবে প্রতিদিনের একটি ছোট অভ্যাস—রাতে ঘুমানোর সময় চুল খোলা রাখা না বাঁধা রাখা—চুলের স্বাস্থ্যে বড় প্রভাব ফেলতে পারে, যা অনেকেই জানেন না।
অনেকের মনেই প্রশ্ন থাকে, রাতে ঘুমানোর সময় চুল কীভাবে রাখা সবচেয়ে ভালো? ভুল অভ্যাসের কারণে চুল ভেঙে যাওয়া, জট লাগা কিংবা অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
খোলা চুলে ঘুমানোর সুবিধা ও অসুবিধা
রাতে চুল খোলা রেখে ঘুমালে মাথার ত্বকে বাতাস চলাচল সহজ হয়। এতে স্ক্যাল্প ভালোভাবে শ্বাস নিতে পারে এবং রক্ত চলাচলও স্বাভাবিক থাকে।
তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। খোলা চুল বালিশের সঙ্গে ঘষা লেগে সহজেই জট পাকিয়ে যেতে পারে। ফলে সকালে আঁচড়ানোর সময় চুলের আগা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে লম্বা, শুষ্ক ও কোঁকড়ানো চুলের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
শক্ত করে চুল বাঁধা কেন ক্ষতিকর
রাতে খুব শক্ত করে রাবার ব্যান্ড বা টাইট বিনুনি করে চুল বাঁধা মোটেও ভালো নয়। এতে চুলের গোড়ায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা ট্র্যাকশন অ্যালোপেসিয়ার মতো সমস্যার কারণ হতে পারে। এর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে ধীরে ধীরে চুল পড়া বাড়তে পারে।
সবচেয়ে ভালো উপায় কী?
বিশেষজ্ঞদের মতে, রাতে ঢিলেঢালা বিনুনি করে ঘুমানোই সবচেয়ে নিরাপদ ও উপকারী পদ্ধতি। এতে চুলে জট পড়ে না এবং চুলের স্বাভাবিক গঠনও বজায় থাকে।
আরও কিছু প্রয়োজনীয় পরামর্শ
-
সুতির বালিশের কভারের বদলে সিল্ক বা সাটিনের কভার ব্যবহার করলে ঘর্ষণ কম হয় এবং চুলের আর্দ্রতা বজায় থাকে।
-
কখনোই ভেজা চুল নিয়ে ঘুমানো উচিত নয়। ভেজা চুল খুব দুর্বল থাকে এবং সহজেই ভেঙে যায়।
-
রাতে চুল বাঁধতে হলে ধাতুমুক্ত ও নরম কাপড়ের স্ক্রাঞ্চি ব্যবহার করা ভালো।
সঠিক নিয়ম মেনে চললে রাতের ঘুমের মধ্যেই চুল থাকবে আরও মজবুত, স্বাস্থ্যবান ও সুন্দর।
সূত্র: আজতক বাংলা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!