যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা ১০ জুলাই পর্যন্ত বন্ধ, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৯:১৯ AM | সর্বশেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৩৫ AM ৯৬
মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা ১০ জুলাই পর্যন্ত বন্ধ, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

‘ঝরনার রানি’ হিসেবে পরিচিত রূপসী ঝরনা। ছবি: শরিফুল ইসলাম

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় সাময়িকভাবে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত পার্কের আওতাধীন কোনো ঝরনায় দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এই সময়ের মধ্যে সব ধরনের টিকিট বিক্রিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল, প্রবল স্রোত এবং পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে ঝরনাগুলোতে ভ্রমণ করলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধের সময় কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে না দেওয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি ঝরনাগুলোতে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়েছে। এ সময়ে সেখানে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতেই আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনাগুলোতে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

প্রতি বর্ষা মৌসুমেই মিরসরাইয়ের বিভিন্ন পাহাড়ি ঝরনায় আকস্মিক ঢল ও দুর্ঘটনার ঘটনা ঘটে। সেই অভিজ্ঞতা বিবেচনায় এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!