যুক্তরাষ্ট্র   সোমবার ২৭ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

জরিপে এগিয়ে বিএনপি, জামায়াত–এনসিপি জোটে ৩১% সমর্থন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৪ AM

১২৬
জরিপে এগিয়ে বিএনপি, জামায়াত–এনসিপি জোটে ৩১% সমর্থন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন এক জনমত জরিপে ভোটারদের রাজনৈতিক ঝোঁক উঠে এসেছে। সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ অনুযায়ী, বিএনপিকে ভোট দিতে আগ্রহী ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার। অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপি জোটের পক্ষে মত দিয়েছেন ৩১ শতাংশ ভোটার।

শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত অনুষ্ঠানে জরিপের তৃতীয় ধাপের ফলাফল উপস্থাপন করা হয়। এতে জনগণের নির্বাচন ভাবনা ও সম্ভাব্য রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়।

জরিপে আরও দেখা গেছে, প্রস্তাবিত গণভোট অনুষ্ঠিত হলে তাতে অংশ নিতে ৬০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে। তবে এ বিষয়ে ২২ শতাংশ উত্তরদাতা কোনো ধারণা নেই বলে জানিয়েছেন। ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে ১ শতাংশ মানুষের, আর ভোট বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি ১৩ দশমিক ২০ শতাংশ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন প্রসঙ্গে সম্ভাব্য নেতৃত্ব নিয়েও জরিপে মতামত নেওয়া হয়। ৫ হাজার ১৪৭ জন উত্তরদাতার মধ্যে ৪৭ দশমিক ৬ শতাংশ সম্ভাব্য সরকারপ্রধান হিসেবে তারেক রহমানকে এগিয়ে রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সমর্থন জানিয়েছেন ২২ দশমিক ৫ শতাংশ এবং নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন ২ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা। এ বিষয়ে মত দেননি ২২ দশমিক ২ শতাংশ।

জরিপে অংশ নেওয়া নারীদের মতামত প্রদানের হার তুলনামূলক কম ছিল। অংশগ্রহণকারী নারীদের মধ্যে ৬৯ দশমিক ৭ শতাংশ এ প্রশ্নে কোনো মতামত জানাননি।

জরিপ উপস্থাপনকালে আয়োজকরা জানান, এসব তথ্য তাৎক্ষণিক জনমতের প্রতিফলন হলেও ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যাবে না।

জাতীয়_নির্বাচন বিএনপি_জামায়াত জনমত_জরিপ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!