মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ছবিঃ সংগৃহীত
আদালতে মামলা চলমান থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি গুরুত্বপূর্ণ আসনের ফল ঘোষণা স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পৃথক তিনটি চিঠি জারি করে নির্বাচন কমিশন। এতে উল্লেখ করা হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল ঘোষণা থেকে বিরত থাকবে ইসি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি আইনি লড়াই শেষে চট্টগ্রাম ও শেরপুরে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দেন আদালত। জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগ পৃথক আদেশে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিলেও ফল প্রকাশের ক্ষেত্রে শর্ত আরোপ করেন।
বিএনপির যে তিন প্রার্থীর বিষয়ে মামলা চলমান রয়েছে তারা হলেন—
-
চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর
-
চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
-
শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী
সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এবং ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। অভিযোগের ভিত্তিতে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত সেই আদেশ স্থগিত করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন।
বর্তমানে আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে এই তিন আসনের ফলাফল। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নির্বাচন কমিশন আদালত ও নির্বাচন মামলা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!