যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৪৭ PM

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। ছবি: গ্রাফিক্স

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি গঠিত হয়। সংসদে চিফ হুইপ প্রস্তাবটি উত্থাপন করেন এবং ডেপুটি স্পিকার তা অনুমোদনের জন্য কণ্ঠভোটে দেন।

নতুন গঠিত কমিটিতে বিভিন্ন সংসদ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন এএম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)। পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীও এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। আইন প্রণয়ন, বিচার ব্যবস্থার সংস্কার এবং সংসদীয় কার্যক্রম তদারকির ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজকর্ম পর্যবেক্ষণ, নীতি বাস্তবায়ন তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্ব পালন করে থাকে। নতুন এই কমিটির মাধ্যমে আইন ও বিচার সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!